আইআইটি বোম্বেতে শিক্ষার্থীর মৃত্যু, চ্যাটজিপিটি ব্যবহারের ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন

Published on

spot_img

প্রশাসনের ব্যাখ্যার সঙ্গে সহপাঠীদের অভিযোগে তৈরি হয়েছে মতপার্থক্য, তদন্তের দাবি

ভারতের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বেতে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগের পর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহিল ওয়াকোড়ের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় পোওয়াই ক্যাম্পাসের হোস্টেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাহিল প্রতিষ্ঠানটির এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর পর ক্যাম্পাসে শোকের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সহপাঠীরা।

ঘটনার সূত্রপাত একটি পরীক্ষাকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রশ্নের সমাধান খুঁজছিলেন সাহিল। বিষয়টি পরিদর্শকের নজরে এলে তাকে বিভাগীয় প্রধানের দপ্তরে ডেকে নেওয়া হয়।

আইআইটি বোম্বে কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কোর্স শিক্ষক ও বিভাগীয় প্রধান তাকে বিষয়টি বুঝিয়ে বলেন এবং এ ঘটনার কারণে শিক্ষাজীবনে ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেন। আলোচনা শেষে তিনি হোস্টেলে ফিরে যান। পরে সন্ধ্যায় তাকে কক্ষে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এক বিবৃতিতে শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইআইটি বোম্বে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শোকাহত শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে যথাযথ কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।

তবে প্রশাসনের বক্তব্যের সঙ্গে ভিন্ন দাবি তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, অসদুপায়ের দায়ে সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের মৌখিক হুমকি দেওয়া হয়েছিল। এর ফলে হোস্টেল ছাড়তে হতে পারে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করতে অতিরিক্ত সময় লাগার আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের। এই চাপ ও আতঙ্ক তার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সাহিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ঘটনার স্বচ্ছ তদন্ত, প্রশাসনের জবাবদিহিতা এবং প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান।

পুলিশ কর্মকর্তা দত্তাত্রয় নালওয়াড়ে জানান, ঘটনার সামগ্রিক তদন্ত চলছে। শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর আইআইটি বোম্বের পোওয়াই ক্যাম্পাসে একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক সহায়তা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ

রিয়াজ কোথায়? দেশত্যাগের খবর ঘিরে রহস্যদীর্ঘ অনুপস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যাত্রার খবর, মেলেনি নিশ্চিত তথ্য

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের দেশত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে...

কোটবাড়ি থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে

গন্ধমতি এলাকায় শেষ লোকেশন, সন্ধানে পুলিশের তৎপরতাকুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক...

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...