কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেফতার চারজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অপ্রতিমের মায়ের আইফোনটিও প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
গ্রেফতার ব্যক্তিদের বয়স যাচাই করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, আটকদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয় ও নিয়মিত ওঠাবসা ছিল। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বড়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ দ্রুত চার্জশিট দেবে এবং বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

