দেশের বিভিন্ন স্থানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি আলোচিত হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।
কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার পর লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই তাকে হত্যা করা হয়।
একই রাতে খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন আযমকে চুরির অভিযোগে মারধর করে হত্যার অভিযোগ ওঠে।
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয় এবং বাবা গুরুতর অসুস্থ হন।
পরদিন মানিকগঞ্জে সৌদিপ্রবাসী ইকরাম, তাঁর স্ত্রী ও দেড় বছরের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনজনের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

