সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img
সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে বিপুলসংখ্যক ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাপের কামড়ের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। সাপের দংশনের পর দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, আগামী অক্টোবর থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। পাশাপাশি ডায়ালাইসিস, আধুনিক প্যাথলজি ও পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ নিউজ