ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এডিসের লার্ভা ধ্বংসে অভিযান ও সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন ও কম মানুষের চলাচল রয়েছে—এমন স্থানে লার্ভার উপস্থিতি বেশি পাওয়া যাচ্ছে। এসব স্থানে অভিযান পরিচালনায় ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। লার্ভা পাওয়া গেলে তা ধ্বংসের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।
মশক নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগে ইতোমধ্যে দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ডিএনসিসির আওতাধীন হাসপাতালগুলো থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে আলাদা ডেটাবেজ তৈরি করা হচ্ছে।

