আন্তর্জাতিক উশু অঙ্গনে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছেন নারী অ্যাথলেট জিন্নাত আক্তার। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ওজন হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা তিসারাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন। ফলে নিয়ম অনুযায়ী জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম রাউন্ডে তিনি সরাসরি ‘বাই’ পেয়েছিলেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু জানিয়েছেন, সেমিফাইনালে ওঠায় জিন্নাতের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। সেখানে জয় পেলে তিনি স্বর্ণপদকের লড়াইয়ে নামবেন। তবে সেমিফাইনালে হারলেও বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকবে।

