সামরিক শক্তি কিংবা চাপ প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, জাতিসংঘের মঞ্চে ইরানের জনগণের অভিজ্ঞতা, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হওয়া অবিশ্বাসের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীতের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান একাধিকবার আলোচনায় অংশ নিয়েছে এবং চুক্তিও করেছে। তবে তাঁর অভিযোগ, প্রতিপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি ও লিখিত চুক্তি ভঙ্গ করেছে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়তে মানুষের ও জাতিগুলোর অধিকারকে সম্মান করতে হবে। জাতিসংঘ সফরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

