জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে আরও স্বচ্ছ, প্রতিনিধিত্বশীল এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
আফ্রিকার স্থায়ী আসন না থাকার বিষয়টি তুলে ধরে খলিলুর রহমান বলেন, এটি শুধু প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, জাতিসংঘের গ্রহণযোগ্যতা ও ন্যায়বিচারেরও বিষয়।
তিনি বৈশ্বিক আস্থা পুনর্গঠনে প্রাতিষ্ঠানিক সংস্কার, সিদ্ধান্ত গ্রহণে সুশীল সমাজ ও বিজ্ঞানীদের সম্পৃক্ততা এবং ব্যর্থতা স্বীকার করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
গাজা, সুদান, ইউক্রেন, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি সমানভাবে প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে বৈশ্বিক নিয়ন্ত্রণ কাঠামো তৈরিরও আহ্বান জানান।

