অপ্রতিম হত্যার পর হুমকি, নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তার পরিবারের সদস্যরা। অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম আশঙ্কা করছেন, হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের পরবর্তী টার্গেট হতে পারেন তিনি ও তার স্বামী।

শুক্রবার তিনি জানান, অপ্রতিম হত্যার পর তার স্বামী কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে এবং নিরাপত্তার স্বার্থে জিডি করার কথাও বলেছেন তারা।

নাহিদা বেগমের দাবি, স্থানীয় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে তার অবস্থানের কারণে পরিবারকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তিনি আরও আশঙ্কা করেন, মামলার আসামিরা কিশোর হিসেবে আইনি সুবিধা পেয়ে দ্রুত মুক্ত হলে আবারও অপরাধে জড়িয়ে পড়তে পারে।

সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, পরিবারের প্রতিটি আশঙ্কা তদন্তের আওতায় নেওয়া হয়েছে এবং তদন্তে অগ্রগতি হয়েছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজিব আহমেদ নথি পাওয়ার পর দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়ার আশাবাদ জানিয়েছেন।

সর্বশেষ নিউজ