নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
২৬ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিশেষ এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী যেসব শিশু আগে হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের টিকা দেওয়া হবে। কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর আগে ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে বাদ পড়া শিশুদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
সেই তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকার টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে এই বিশেষ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। সরকারের লক্ষ্য, বাদ পড়া শিশুদের দ্রুত টিকার আওতায় এনে হাম ও রুবেলার ঝুঁকি কমানো।

