পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের অন্তত ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথ করানোর পাশাপাশি তাদের মাঝে মশারি, কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল ও পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি পরিবারকে একটি করে মশারি, তিন প্যাকেট মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের ব্যাপারে উপস্থিতদের সচেতন করা হয়। পরবর্তীতে পৌরসভার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, তারেক রহমানের নির্দেশনায় ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিজ নিজ স্থান থেকে সবাই সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

