সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নিজ উপজেলায় প্রথম স্থান অর্জন করেও পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে বাদ পড়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণের তামান্না নামের এক চাকরিপ্রার্থী। মেধা তালিকায় সেরা হয়েও জেলায় চূড়ান্ত সুপারিশের পর ভেরিফিকেশনে বাদ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
২৬ সেপ্টেম্বর (শনিবার) দীর্ঘ আট মাসের অপেক্ষার পর নিয়োগপত্র না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত উত্তীর্ণদের নিয়োগপত্র ইস্যু করা হলেও রাজনৈতিক ট্যাগের অহেতুক অভিযোগে তামান্নার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।
তামান্না হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণি এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে মাস্টার্সে ১ম স্থান অধিকার করেন। পরবর্তীতে প্রাথমিকে লিখিত ও ভাইবা পরীক্ষায় সাফল্য অর্জন করে মতলব দক্ষিণ উপজেলায় ১ম এবং পুরো চাঁদপুর জেলায় ১১তম হন।
এমন অন্যায়ের প্রতিবাদে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তামান্না লেখেন, তিনি বা তার পরিবারের কেউ কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মেধার সঠিক মূল্যায়ন না হওয়া ও অন্যায়ভাবে বাদ পড়ার বিচার চেয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

