রাজধানীতে গলফ খেলাকে সহজলভ্য ও বিনোদনমুখী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বসুন্ধরা সুপারগলফ’। সানভীর বসুন্ধরা গ্রুপের (SBG) নতুন এই উদ্যোগে অত্যাধুনিক স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাব হিসেবে ভেন্যুটি গড়ে তোলা হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় মাদানী এভিনিউ সংলগ্ন বসুন্ধরা সুপারগলফ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর ও বসুন্ধরা সুপারগলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘More than just golf’ স্লোগানকে সামনে রেখে নির্মিত এই লাইফস্টাইল হাবে আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ মোট ১০৭টি গলফ বে (Golf Bays) রয়েছে। ৩টি আধুনিক লেভেলে সাজানো এই এরেনায় খেলার পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, প্রিমিয়াম ক্যাফে, প্রাকটিসিং হাই-টেক সিমুলেটর, ভিআইপি সুইট, মিটিং রুম, সোশ্যাল ইভেন্ট হল ও কিডস জোন।
বসুন্ধরা সুপারগলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান জানান, প্রথাগত গলফের বাইরে পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে বিনোদন ও আড্ডার এক সমন্বিত লাইফস্টাইল স্থান হিসেবে এটি তৈরি করা হয়েছে। বাৎসরিক মেম্বারশিপের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য স্বাধীনভাবে খেলার (Pay and Play) সুযোগও রাখা হয়েছে ভেন্যুটিতে।

