কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: চাইনিজ কুড়াল হাতে দেখা মিলল ছাত্রদল নেতার

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় চাইনিজ কুড়াল হাতে ঘুরে বেড়ানোর এক ভিডিও ছড়িয়ে পড়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। কুড়াল হাতে দেখা যাওয়া ওই তরুণ অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাওকির, যিনি উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের ছেলে।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় জলমহাল দখল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রকাশ্যে আসা ভিডিওতে ছাত্রদল নেতা তাওকিরকে হাতে দেশীয় ধারালো অস্ত্র (চাইনিজ কুড়াল) নিয়ে প্রতিপক্ষের দিকে ধাওয়া করতে দেখা যায়। এছাড়াও তার বিরুদ্ধে বালু উত্তোলন, মামলা বাণিজ্য, মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার এজেন্সির সঙ্গে যুক্ত থাকার নানা গুরুতর অভিযোগ তুলেছে স্থানীয়রা। তবে সকল অভিযোগ অস্বীকার করে তাওকির দাবি করেন, সংঘর্ষ থামানোর উদ্দেশ্যে তিনি অন্য একজনের হাত থেকে কুড়ালটি কেড়ে নিয়েছিলেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে সংগঠনটি। অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল জানান, ভিডিওটির সত্যতা পেয়ে বিষয়টি জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে একই ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সৈয়দ তাওকিরের বাবা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি।

সর্বশেষ নিউজ