‘৫০ বছর ধরে সেবা দিচ্ছেন, দাবি ছাড়বেন না’: এনসিপির দিলশানা পারুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
মিরপুরে সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা দেওয়া অর্ধশত বছরের পুরোনো ‘রাড্ডা কমিউনিটি ক্লিনিক’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত কর্মী ও সেবাগ্রহীতাদের নিজেদের অধিকার ও দাবি না ছাড়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেত্রী দিলশানা পারুল।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে দিলশানা পারুল বলেন, ১৯৭৬ সাল থেকে ১০ কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে দরিদ্র নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছিল। তবে সম্প্রতি সাবেক বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর বোন ফেরদৌসী মিষ্টি ও তার দলবল সরকারি জমিটি দখল করতে ক্লিনিকটির অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। এই দখলদারিত্বের পেছনে রাজনৈতিক প্রভাব খাটানো এবং বিএনপি কার্যালয় করার নামে জমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
নির্যাতিত ও আন্দোলনকারী পরিবারের প্রতিনিধি হিসেবে পরিচিত ব্যক্তিবর্গের নেতৃত্বে এমন সাধারণ ও দরিদ্র মানুষের সেবামূলক প্রতিষ্ঠান দখলের ঘটনাকে লজ্জাজনক ও হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি। একই সাথে, ক্ষমতার ভয় না পেয়ে চিকিৎসাসেবা চালু রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণভাবে এই মানবিক সেবামূলক লড়াইয়ে সাধারণ মানুষের পাশে থাকবে। জমিটি স্থায়ীভাবে এই কমিউনিটি ক্লিনিককে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

সর্বশেষ নিউজ