আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে : উজিরপুরের সেই তুবা

উজিরপুর প্রতিনিধি (বরিশাল)
spot_img
spot_img
বরিশালের উজিরপুরে চুরির অপবাদে বাবাকে বেঁধে রাখার ঘটনার পর দেশজুড়ে আলোচিত চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী তুবা বিনতে অরণি জানিয়েছে, তার বাবার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এবং সে তার বাবার সুস্থ ও স্বাভাবিক প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।
২৮ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় তুবার বাবা অনিক সরদারকে তিন মাসের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে (পুনর্বাসন কেন্দ্র) পাঠানো হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর (শনিবার) মধ্যরাতে চুরির অপবাদ দিয়ে উজিরপুরের বামরাইল এলাকায় অনিক সরদারকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। সে সময় বাবার পাশে বসে কান্নাকাটি ও তাকে চা-রুটি খাওনোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
ঘটনার বর্ণনা দিয়ে তুবা ও তার মা জান্নাত জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অনিককে শারীরিক নির্যাতনের হাত থেকে বাঁচানোর আকুতি জানান। জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এমন অন্যায় অত্যাচার করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী অনিক সরদার।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অনিককে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে পরিবারের সার্বিক ভরণপোষণ ও সহায়তায় পাশে থাকবে উপজেলা প্রশাসনসহ স্থানীয় সুশীল সমাজ।

সর্বশেষ নিউজ