নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার মান ও অগ্রগতি সরেজমিন দেখতে রাজধানীর ছয়টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই তিনি প্রেসগুলো পরিদর্শন শুরু করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
তিনি শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। এ জন্য ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখা এবং কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি না করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

