হিজাব না পরে গান পরিবেশনের অভিযোগে ইরানের জনপ্রিয় নারী সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে দেওয়া ৭৪ দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির আপিল আদালত।
৩০ সেপ্টেম্বর (বুধবার) আইনজীবীদের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে হিজাব ছাড়া গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আহমাদিকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
এরপর গত জুনে কোম প্রদেশের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর ব্যান্ডের ৮ সদস্যকে জনশালীনতা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আদালত পারাস্তু আহমাদিকে ৭৪ দোররা মারার পাশাপাশি দুই বছরের জন্য অডিও-দৃশ্যভিত্তিক যেকোনো কর্মকাণ্ড ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি ছাড়াই আপিল আদালত নিম্ন আদালতের পূর্বের সাজা বহাল রাখেন।

