পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে ওই কর্মকর্তা দাবি করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়।
তবে সংবাদ লেখা পর্যন্ত ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে পরিবারের সদস্যরা দাবি করেছেন, জিয়াউল হক জুয়েল একাধিকবার বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন এবং তিনি পরিচ্ছন্ন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

