বিএনপিপন্থী চিকিৎসক নেতা ডা. সায়ন্থ সাখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতিসংঘ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা বহন করেছে। তবে সফরের পর দেশে পরপর কয়েকটি হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় সেই অর্জন আড়ালে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সায়ন্থ সাখাওয়াত বলেন, সফরে তুলনামূলক ছোট প্রতিনিধি দল, অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এড়িয়ে চলা এবং জাতিসংঘে বাংলায় বক্তব্য দেওয়ার মাধ্যমে পরিকল্পিত ও পেশাদার কূটনৈতিক উপস্থিতি দেখানো হয়েছে। তিনি 3R অর্থাৎ Recovery, Restoration and Reconstruction কৌশল, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়গুলোও তুলে ধরার কথা উল্লেখ করেন।
তবে তার ভাষ্য, প্রধানমন্ত্রীর সফরের পর রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, নিউ গিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মতো ঘটনায় জনআলোচনের কেন্দ্র বদলে যায়। তিনি বলেন, এসব ঘটনার পেছনে ষড়যন্ত্র ছিল কি না তা তদন্তের বিষয়, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা সরকারের জন্য সতর্ক সংকেত।
তিনি আরও বলেন, কোনো দলের নেতা-কর্মী জড়িত থাকলে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে এবং বিএনপিকেও দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর হতে হবে।

