রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও একাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট প্রায় ২ হাজার জনকে আসামি করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।
১ অক্টোবর (বৃহস্পতিবার) মিরপুর মডেল থানা ও কাফরুল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাদী হয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে মিরপুর ও কাফরুল থানায় দুটি মামলা করেছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ ও ট্রাফিক পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় আরও দুটি মামলা দায়ের করেছে। চারটি মামলার প্রতিটিতেই ৪০০ থেকে ৫০০ জন করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকালে মিরপুর-১০ নম্বরে ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানকালে উচ্ছেদকৃত একটি দোকানের তার ছিঁড়ে আগুন লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা পুলিশ ও ডিএনসিসি কর্মীদের ওপর হামলা চালিয়ে সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

