জীবনের শেষ প্রান্তে এসে একাকীত্ব আর আপনজনের অবহেলায় বরিশাল নগরীর একটি বৃদ্ধাশ্রমে দিন কাটছে ঢাবি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা রুমা বেগমসহ অন্তত ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধার।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার একটি বৃদ্ধাশ্রমে স্বজনদের ছেড়ে বাস করছেন তারা।
তাদেরই একজন রুমা বেগম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ফার্স্টক্লাস ফার্স্ট হয়ে পড়াশোনা শেষ করেছিলেন। উজ্জ্বল মেধা ও সাফল্যের পরও জীবনের শেষ বয়সে এসে তাঁর ঠাঁই হয়েছে পরিবারহীন এক বৃদ্ধাশ্রমে। রুমে নিভৃতে সময় কাটানো কিংবা অন্যান্যদের সঙ্গে অতীত স্মৃতি রোমান্থন করেই কাটছে তাঁর জীবন।
রুমার মতোই আসমা, খাদেজা, অঞ্জলী, উষা রানী, বানু ও কহিনূর বেগমের মতো বহু নারীর একই পরিণতি হয়েছে। সারাজীবন পরিবার ও সন্তানদের পেছনে শ্রম দিলেও শেষ বয়সে অবহেলা ও বিচ্ছিন্নতার শিকার হয়ে তাঁরা বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছেন।
বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক সাখাওয়াত জানান, আশ্রমে থাকা বয়োবৃদ্ধদের প্রত্যেকের জীবনেই রয়েছে বেদনাদায়ক গল্প। সন্তানদের একটু ভালোবাসা আর সান্নিধ্যের আশায় এখনো প্রতিদিন স্বজনদের পথচেয়ে বসে থাকেন তারা।

