বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) একদিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংকট ও সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা ও অসদাচরণের অভিযোগে মামলাটি করা হয়। এর পরদিন (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

