চারটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় একটি চায়ের দোকানে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানে করে আসা দুজন দুর্বৃত্ত তার মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাসিমের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলা ছিল। পুলিশের ধারণা, দলীয় অন্তঃকোন্দলের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

