দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান এবং ঢাকার আশপাশে ‘সেকেন্ডারি টাউনশিপ’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামের নাগরিক সুবিধা বাড়িয়ে নগরকেন্দ্রিক চাপ কমানো এবং সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সর্বজনীন আবাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। আবাসন সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

