চাঁদপুর সদরের নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরুল্লাহপুর এলাকায় আবুল হাশেমের বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, চাঁদপুর পৌরসভার কয়লাঘাট এলাকার ফারহান রানা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক কারবার পরিচালনা করছিলেন। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযানে একটি ঘরের খাট ও মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা হিসেবে অভিযুক্ত ফারহান রানা পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

