ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা হিসেবেও পরিচিত।
৬ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর হুমায়ুন কবির কারচুপির অভিযোগ তোলেন। একপর্যায়ে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, তাকে গ্রেফতার করা হচ্ছে নাকি আটক করা হচ্ছে, তা তিনি জানেন না।
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার অভিযোগ করেন, ভোটের আগে হুমায়ুন কবির উত্তেজনাকর বক্তব্য দিয়েছিলেন এবং পুলিশ সদস্যদের গালিগালাজ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে হুমায়ুন কবিরের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

