ঢাকার কেরানীগঞ্জে আকাশ মিত্র নামে এক ব্যক্তির মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বাথরুম থেকে তার প্রেমিকা তন্ময়ী মণ্ডলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে দুটি ঘটনাকেই আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।
৫ অক্টোবর (সোমবার) সকালে ঢামেক হাসপাতালের পুরোনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে তন্ময়ীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ৪ অক্টোবর (রোববার) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আকাশ মিত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পুলিশের ভাষ্য, আর্থিক সংকট ও ঋণের চাপে আকাশ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর আগে লেখা একটি চিরকুটে তিনি অর্থসংকটের কথা উল্লেখ করেন এবং তন্ময়ীর কাছে তার দেনার কথাও লেখেন।
তন্ময়ীর পরিবারের দাবি, আকাশের মৃত্যুর খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দুই ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

