জ্বালানি তেল ও গ্যাসের আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। এ অবস্থায় তুলনামূলক কম খরচের সৌরবিদ্যুতের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাবনার ভবানীপুরের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ১৩ টাকা। বিপরীতে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৮ টাকার বেশি এবং কয়লাভিত্তিক বিদ্যুতে প্রায় ১৫ টাকা খরচ হচ্ছে।
দেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৩৪৭ মেগাওয়াট। এর মধ্যে সৌর, জল ও বায়ুভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ১ হাজার ৮৯ মেগাওয়াট। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির মোট সংযুক্ত সক্ষমতা প্রায় ১ হাজার ৪৯২ মেগাওয়াট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী গ্রীষ্মের আগে দ্রুত উৎপাদন বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতেও জোর দেওয়া হচ্ছে।
সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

