দেশের তরুণ প্রজন্ম এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ অক্টোবর (বুধবার) বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আহবানের ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতি নিজের ফেসবুক পেজেও সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মাদকের কারণে অনেক তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, কোনো জনপদকে সমৃদ্ধ করতে হলে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাতে রাষ্ট্রপতি আহবানের সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধী ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও জেন-জি কার্নিভালসহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
ঠাকুরগাঁওয়ের অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

