যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। এতে মিরপুর, মতিঝিল ও আসাদগেটসহ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

১০ অক্টোবর (শনিবার) দুপুরের দিকে মিরপুর বাংলা কলেজের সামনে টেকনিক্যাল মোড়সংলগ্ন সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। একই সময়ে মতিঝিল এবং আসাদগেটের আড়ং মোড়েও চাকরিপ্রার্থীরা সড়কে অবস্থান নেন। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নিয়োগ পরীক্ষায় যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের অনেকে জানান, পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে তারা ঢাকায় এসেছেন। এতে যাতায়াত, থাকা ও অন্যান্য খাতে অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিও পোহাতে হয়েছে।

আফজাল হোসেন নামে এক চাকরিপ্রার্থী জানান, কয়েকশ কিলোমিটার দূরের এলাকা থেকে অনেক কষ্ট করে পরীক্ষায় অংশ নিতে ঢাকায় এসে তিনি জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে। এতে হাজারো চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিক্ষোভকারীরা প্রশ্ন ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ নিউজ