ওসমান হাদিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিয়েছিল জামায়াত: রাশেদ খাঁনের দাবি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন না করার জন্য জামায়াতের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জীবদ্দশায় হাদিকে যথাযথ সম্মান না দিলেও মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে জামায়াত ও এনসিপি।

১০ অক্টোবর (শনিবার) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। সে সময় জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী জুবায়ের তাকে ওই আসন থেকে নির্বাচন না করার এবং অন্য আসন বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে হাদি ঢাকা-৮ থেকেই নির্বাচনের সিদ্ধান্তে অনড় ছিলেন বলে উল্লেখ করেন রাশেদ।

রাশেদ আরও বলেন, একই আসনে এনসিপির পক্ষ থেকে রিকশাচালক সুজনের মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাকেও তিনি হাদিকে ছোট করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াত বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, জীবদ্দশায় ওসমান হাদি এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, জুলাইয়ের ঐক্য নষ্ট করা এবং জুলাই আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছিলেন। জামায়াতের রাজনীতিরও সমালোচনা করেছিলেন তিনি।

রাশেদ বলেন, ওসমান হাদিকে বিএনপির বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা উচিত নয়। তার মতে, হাদি জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন ঐতিহাসিক ভূমিকা ও আন্দোলনকে শ্রদ্ধা করতেন।

ইনকিলাব মঞ্চ, জামায়াত ও এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক স্বার্থে ওসমান হাদিকে যত কম টানাহেঁচড়া করা হবে, ততই তিনি সর্বজনীন ও প্রাসঙ্গিক থাকবেন।

সর্বশেষ নিউজ