রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহির মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
৯ অক্টোবর (শুক্রবার) রাজধানীর গুলশানে নিজের বাসভবনের অফিসকক্ষে জাতীয় শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তবে জনপ্রতিনিধিদের সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে যোগ্য ও সৎ প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও সাধারণ মানুষের।
তিনি নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অর্থ ব্যয় কিংবা আপ্যায়নের মাধ্যমে ভোট পাওয়ার পরিবর্তে মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। জনগণের সেবা করার মানসিকতা ছাড়া রাজনীতি সঠিক পথে এগোতে পারে না।
স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূলে গণতন্ত্র কার্যকর না হলে জাতীয় পর্যায়েও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা কঠিন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংস্কার, জনগণের সেবা নিশ্চিত এবং বিভিন্ন স্তরে সুষ্ঠু নির্বাচন আয়োজন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
তিনি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের পক্ষেও মত দেন। তার মতে, এতে স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন ও পারস্পরিক বিদ্বেষ কমতে পারে।
এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মঈন খান বলেন, দারিদ্র্য বিমোচন, জীবনমান উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সরকার ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।

