পাওনা টাকা চাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারে ক্ষুদ্র ব্যবসায়ী দুরুদ মিয়াকে হত্যার ঘটনায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সদর উপজেলার নারাইনপাশা এলাকায় চা বিক্রেতা দুরুদ মিয়া ছাদিক মিয়ার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক পরে দলবল নিয়ে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুরুদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের ছেলে মকবুল মিয়া আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ছাদিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

অন্যদিকে তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা।

সর্বশেষ নিউজ