শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ মোতায়েন কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হবে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে।

