আরব আমিরাতে বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শ্রমবাজার সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির বৈঠকে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভার হিসেবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ জনশক্তি দেশটিতে পাঠানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ও আলোচনায় আসে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরা হয়।

আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ বাড়ানো এবং জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও কথা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করে।

সর্বশেষ নিউজ