মৌলভীবাজারে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালক নিহত, চালকসহ ট্রাক আটক

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রিপন মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর চালক ইমন হোসেনকে ট্রাকসহ আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-বড়লেখা-বিয়ানীবাজার ভায়া কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়লেখাগামী একটি দ্রুতগতির ট্রাক কুলাউড়াগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক রিপন মিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রিপন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ কাশেমনগর এলাকার বাসিন্দা এবং দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজি চালক ইসলাম উদ্দিন মিয়ার ছেলে।

ঘটনার পর কুলাউড়া ও জুড়ী উপজেলা বিএনপি ও ছাত্রদলের কর্মীরা জুড়ী এলাকায় সংগঠিত হয়ে ট্রাকটি থামান এবং চালক ইমন হোসেনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ইমন হোসেন ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকচালক ইমন হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ নিউজ