পূর্বাচলে প্লট জালিয়াতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী, ব্যবসায়ী শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও রেজাউল করিম তরফদার।

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, অপরাধমূলক অসদাচরণের দায়ে প্রত্যেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়েও একই সাজা দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে কার্যত তাদের সাত বছর কারাভোগ করতে হবে।

আদালত সূত্র জানায়, আসামিরা জামিনে থাকলেও রায়ের দিন আদালতে হাজির হননি। এ কারণে তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজউকের তৎকালীন কর্মকর্তারা বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে এসব বরাদ্দ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদক মতিঝিল থানায় মামলা করে। তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচারকালে আদালত নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন।

সর্বশেষ নিউজ