বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। তিন দিনেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলো ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তানিয়া সুলতানা, হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশন কার্ড বা শিক্ষাসংক্রান্ত প্রয়োজনের কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত অনুসন্ধানে একপর্যায়ে তাদের সর্বশেষ অবস্থান চকরিয়া এলাকায় পাওয়া যায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তারা স্থান পরিবর্তন করে।
ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিন শিক্ষার্থীই বিদ্যালয়ে কিছুটা অনিয়মিত ছিল।
অন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট নেওয়ার জন্য ওই তিন ছাত্রী তাদের বিদ্যালয়ে যায়নি।
লামা থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজের প্রকৃত কারণ, তাদের সঙ্গে অন্য কেউ রয়েছে কি না এবং তারা কোথায় অবস্থান করছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারগুলো দ্রুত তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।

