শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আজ শনিবার (১৭ অক্টোবর) সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত খোলা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। পরবর্তী সময়ে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এই অতিরিক্ত ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে সচিবালয়সহ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আজ স্বাভাবিকভাবে খোলা থাকবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করার কথা রয়েছে।
একইভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের কার্যক্রমও চালু থাকবে। মন্ত্রিসভা গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পূজার ছুটি পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন দেয়।
নতুন সিদ্ধান্তে ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় টানা পাঁচ দিন ছুটি পাবেন সংশ্লিষ্ট চাকরিজীবীরা।

