চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর এলাকায় সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ এবং মায়ের নাম জমিলা খাতুন।
অন্যদিকে আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতে ওই এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। একপর্যায়ে বাপ্পি মারা যান।
কারা গুলি চালিয়েছে এবং হামলার পেছনে কী কারণ ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

