সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানবাধিকার ও আইনি সহায়তাবিষয়ক সংগঠনটি এ দাবি জানায়।
ব্লাস্ট বলেছে, শুধু সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের নয়, ঘটনার পেছনে যারা উসকানি দিয়েছে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ছড়ানোর পরও শামীমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
গত ১৩ অক্টোবর সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শামীমের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাকে হাসপাতাল থেকে বের করে এনে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়।
ব্লাস্টের মতে, অভিযোগ যত গুরুতরই হোক, আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। অভিযোগের তদন্ত, বিচার এবং শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের।
সংস্থাটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপেরও দাবি জানিয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগটির সত্যতা এবং হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

