চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি আবুধাবি থেকে দেশে ফিরেছিলেন।

রোববার (১৮ অক্টোবর) বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় তাঁকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাঁর ব্যাগেজ থেকে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

উদ্ধার চারটি স্বর্ণের দণ্ডের মোট ওজন ৪৬৬ গ্রাম। চুড়িসহ সব মিলিয়ে স্বর্ণের ওজন দাঁড়ায় ৫৬৬ গ্রাম।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আটক কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার স্বর্ণের রাজস্বমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। পরে এগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ