‘বই হোক নিত্যসঙ্গী, পড়ি বই, গড়ি ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বই পড়া উৎসব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী মাশকুরা জাহান দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে সালিক রুমাইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার সাদাত হোসেন ভূঁঞা প্রমুখ।
১২৮ শিক্ষার্থীর অংশগ্রহণে বই বিতরণ ও শিশুদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চার প্রসার এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস শিশু-কিশোরদের জ্ঞান, মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা জরুরি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বইমুখী করে একটি শিক্ষিত, সচেতন, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

