দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হতেই রাজধানী ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়সহ বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে যাত্রীদের বাড়তি ভিড় দেখা গেছে।
অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়ি বা পর্যটন এলাকায় যাচ্ছেন। গত সোমবার বিকেল থেকেই বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বাড়তে শুরু করে।
তবে ছুটির সুযোগে কয়েকটি রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। শরীয়তপুর রুটে সাধারণ সময়ে ২৫০ থেকে ২৮০ টাকা নেওয়া হলেও কোনো কোনো বাসে ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশাল রুটেও ৫০০ টাকার পরিবর্তে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে যাত্রীরা জানিয়েছেন।
কুমিল্লাগামী কয়েকজন যাত্রীও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন। পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, তারা সরকারি নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
২০ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে পাঁচ দিনের অবকাশ পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও বন্ধ থাকছে।

