ডেঙ্গু প্রতিরোধে শান্তিনগরে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর শান্তিনগর চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তিনি সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন।

রিজভী বলেন, খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তির করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে। এসব লিফলেটে ডেঙ্গু থেকে সুরক্ষার উপায়, আক্রান্ত হলে কী করতে হবে এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন—এসব বিষয়ে নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা সহজ করতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনীয় স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমও চলছে।

কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মৎস্যজীবী দল, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও লিফলেট বিতরণে অংশ নেন। সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে বিএনপি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণসহ ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।

সর্বশেষ নিউজ