সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে ব্যর্থতার অভিযোগ, সরকারের পদত্যাগ চাইলেন জামায়াত আমির

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

 

সীমান্ত দিয়ে অবৈধ অর্থ, মাদক ও অস্ত্র প্রবেশ ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সীমান্ত সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সীমান্ত দিয়ে অবৈধ অর্থ, মাদক ও অস্ত্র প্রবেশ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসবের অনুপ্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করতে বিদেশি হস্তক্ষেপ কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি ও সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের রাজনৈতিক পরিবেশ এবং জনগণের প্রত্যাশা পর্যবেক্ষণ করছে দল। উপযুক্ত সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মতবিনিময়ে সাংবাদিকরা রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন এবং সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দেন জামায়াত আমির।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীন আলী এবং হবিগঞ্জ জেলা আমির মাওলানা মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতারা।

এর আগে সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে শহরের শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

সর্বশেষ নিউজ