জামালপুরের মেলান্দহে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাঙচুর এবং নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মো. গোলাম মোস্তফা।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগকারী গোলাম মোস্তফা (৪৭) ছবিলাপুর এলাকার মৃত রবিউল আলমের ছেলে।
অভিযুক্তরা হলেন একই এলাকার নাজির উদ্দিনের ছেলে পাবেল (৩৫), রিপন (৪৮) ও উজ্জল (৪০), মৃত কানু মণ্ডলের ছেলে নাজির উদ্দিন (৭০) এবং রিপনের ছেলে হামিদুল (২৭)।
লিখিত অভিযোগে গোলাম মোস্তফা উল্লেখ করেন, ছবিলাপুর মৌজার ৪৪৮ ও ৪৫১ নম্বর খতিয়ানের ৫৯৮, ৬০৯ ও ৬১১ নম্বর দাগের জমিতে ঘর নির্মাণ করে তিনি বসবাস করছেন। জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে অভিযুক্তরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে দাবি তার।
ভাঙচুরে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘরে থাকা নগদ ২০ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।
তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের বক্তব্য, গোলাম মোস্তফার টিনের চালাটি তাদের জমিতে থাকায় সেটি সরিয়ে দেওয়া হয়েছে। নগদ টাকা বা স্বর্ণালংকার নেওয়া হয়নি বলে দাবি তাদের।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

