দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর ২০২৬) খুলেছে সরকারি অফিস। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতের নিয়মিত কার্যক্রমও শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৪ অক্টোবর) ছিল এ ছুটির শেষ দিন।
ছুটি শেষে রোববার সকাল ৯টা থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে কাজ শুরু করেন। দীর্ঘ ছুটির পর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে।
ছুটিতে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের একটি বড় অংশ শনিবার ঢাকায় ফিরেছেন। এ কারণে বাস ও রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালে ফেরতযাত্রীদের উপস্থিতি বেড়েছিল। রোববারও অনেকে রাজধানীতে ফিরছেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দুর্গাপূজার ছুটির বিষয়টি জানানো হয়। ছুটি শুরুর আগে শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক বন্ধের দিন সরকারি অফিস খোলা রাখা হয়েছিল।

