কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচলের প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা চার মিনিট পর ফেনী স্টেশন ছেড়েছে মহানগর এক্সপ্রেস। নতুন যাত্রাবিরতি থেকে ৪৭ জন যাত্রী কক্সবাজারের উদ্দেশে ট্রেনে ওঠেন।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ৪ মিনিটে ফেনী পৌঁছে দুই মিনিট পর ছাড়ার সময় নির্ধারিত ছিল।
তবে ট্রেনটি ফেনীতে পৌঁছায় রাত ১টা ৫৫ মিনিটে। পরে রাত ২টা ১০ মিনিটে ছেড়ে যায়। পৌঁছাতে ৫১ মিনিট এবং ছাড়তে এক ঘণ্টা চার মিনিট বিলম্ব হয়।
ফেনী স্টেশন থেকে মোট ৬২টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে কক্সবাজারের জন্য ৪৭টি এবং চট্টগ্রামের জন্য ১৫টি।
স্টেশন মাস্টার মো. হারুন জানিয়েছেন, প্রথম দিনের বিভিন্ন আনুষ্ঠানিকতায় কিছুটা বিলম্ব হয়েছে।
রুট সম্প্রসারণের ফলে ফেনীর যাত্রীদের সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সীমিত আসন চাহিদার কতটা পূরণ করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রথম যাত্রায় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ঢাকা থেকে ফেনী পর্যন্ত ট্রেনে ভ্রমণ করেন।

